আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি।
আজ (১৩ অক্টোবর) সোমবার হামাস নিয়ন্ত্রিত প্রিজনার্স মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করে।
স্বাধীনতাকামী সংগঠন হামাসের এই গণমাধ্যম জানায়, পশ্চিম তীরের রামাল্লাহ শহরের পশ্চিমে অবস্থিত ওফার কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী বাসগুলো বেইতুনিয়া শহরে পৌঁছেছে।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) দুটি বাসে করে ৯৬ জন দীর্ঘমেয়াদি কারাদণ্ডপ্রাপ্ত বন্দি বেইতুনিয়ায় পৌঁছেছেন।
প্রিজনার্স মিডিয়া অফিস আরও জানায়, চুক্তির আওতায় ১৫৪ জন মুক্ত বন্দিকে মিসরে পাঠানো হয়েছে এবং দক্ষিণ ইসরায়েলের নেগেভ কারাগার থেকে মুক্তি পাওয়া ১ হাজার ৭০০-র বেশি বন্দি গাজা উপত্যকায় পৌঁছেছেন।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বর্তমান চুক্তির অধীনে যাবজ্জীবন ও দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত ২৫০ জন বন্দি এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজা থেকে আটক ১,৭১৮ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষও নিশ্চিত করেছে যে, মোট ১ হাজার ৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির অধীনে মুক্তি দেওয়া হয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply