বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করা এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। মন্তব্যটিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য উদ্বেগজনক উল্লেখ করে নিন্দা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
গত (২০ অক্টোবর) মঙ্গলবার বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীকে বহনকারী বাস নিয়ে দ্য বিউটি অব রাজশাহী নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে স্নাইপার নিয়ে মন্তব্য করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর উদ্বেগ তৈরি হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন মন্তব্যটির নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দলের সহসভাপতি আলী আশরাফ মাসুমও মন্তব্যটির উদ্দেশ্য ও সম্ভাব্য হুমকির বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মন্তব্যটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...