শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে পরিচালিত এক তদন্তের ভিত্তিতে এই শুল্ক প্রস্তাব করা হতে পারে। বুধবারই মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এই তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন, এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্স।
তালিকাভুক্ত ১৬টি দেশ ও জোট হলো বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে ১১ই মার্চ এই তদন্ত শুরু করেছিল ইউএসটিআর। মার্কিন প্রশাসনের দাবি, এসব দেশ নিজস্ব শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তা দেয়ায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে সস্তা পণ্যে বিশ্ববাজার সয়লাব হয়ে মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের বৈশ্বিক শুল্ক বাতিল করে দেয়ার পর তার বিকল্প হিসেবেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
নতুন শুল্কের চূড়ান্ত হার এখনো স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানায়, প্রতিটি দেশের জন্য আলাদা শুল্কহার নির্ধারণ করা হবে, যদিও মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিক শুল্ক না-ও বসতে পারে। এছাড়া চূড়ান্ত বাণিজ্য চুক্তি থাকা দেশগুলোর ক্ষেত্রে নির্ধারিত শুল্কসীমা বজায় রাখতে পারে ওয়াশিংটন।
এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশ সীমা রয়েছে। চীনের সাথে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত নতুন শুল্ক আরোপে বিরতি থাকায় ২০ শতাংশ সীমা বহাল থাকতে পারে, তবে মেয়াদ শেষ হলে তা বাড়তে পারে। তবে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো পণ্য নতুন শুল্কের বাইরে থাকতে পারে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...