রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
আজ (৩১ অক্টোবর)শনিবার সকাল থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকার অন্তত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে নাঈম নীটওয়ারের শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল ছুড়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের একজন সদস্য আহত হন।
বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, এখন পর্যন্ত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।সময়ের সঙ্গে বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটি পক্ষ এসব করছে, তবে গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে, কালো তালিকা ভুক্ত হচ্ছে বেশ কিছু কারখানা।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...