বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :
জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভের চেষ্টা, পুলিশের ভয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা রাজনৈতিক নাশকতা: নুসরাত চীনের ভাইস প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হিটলারের মত মানুষ গণহত্যা করে পালিয়ে যাওয়া,, আ,লীগ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক দেশে সরকারি দপ্তরের ৫ লাখ ২১ হাজার শুন্য পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দেবে সরকার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজের ফজিলত সাভারে হেলমেট পরা কথিত শ্রমিকরা বিভিন্ন কাজে যোগ দেওয়া গার্মেন্টসে ও পুলিশের ওপর হামলা চালিয়েছে

জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

মুক্ত আকাশ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক জলবায়ু সংকট দ্রুত মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক ও অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা সবাই জানি, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। তবুও, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে আমাদের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারপ্রধান বলেন, ‘‘সবার আগে বাংলাদেশ’—এই দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার বিশ্বাস করে যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে চলতে হবে। আমাদের শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনও অপ্রতুল। এটি উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারগুলোকে যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি আমাদের অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। একই সাথে, ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।’

তারেক রহমান বলেন, ‘জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয় যা তাদের ঋণ বাড়িয়ে দেয়। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তারও প্রয়োজন।

সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’-এই নীতির পথ ধরে প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সেগুলো হচ্ছে….

১আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা উচিত, সেইসাথে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।

২.জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু-সহনশীল ঋণ ধারা) এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।

৩.পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা করা।

৪.সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা।
৫.কপ ৩১-এ একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অবশ্যই এটিও নিশ্চিত করতে হবে যে, নারী ও তরুণরা যেন জলবায়ু কার্যক্রমে অংশ নেয়। আমাদের অবশ্যই মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রাকে নাগালের মধ্যে রাখতে বৈশ্বিক নির্গমন কমাতে হবে।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 

আপনার মন্তব্য প্রদান করুন...