বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: দেশের সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
গতকাল (১০ নভেম্বর) মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে মো. আব্দুল বারী এ তথ্য তুলে ধরেন।
সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চান, দেশের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে বর্তমানে কতটি পদ শূন্য রয়েছে এবং এসব পদ পূরণে সরকারের সময়ভিত্তিক পরিকল্পনা কী।
জবাবে জানানো হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
এ বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে সরকার ইতোমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জবাবে আরও বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদের বিপরীতে নিয়োগসংক্রান্ত তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
পাশাপাশি দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্যপদ পূরণে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...