রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপ একটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ (২৪ অক্টোবর) শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্বমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ (২৪ অক্টোবর ২০২৬) সকাল ৬ টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আগামী ২৭ বা ২৮ অক্টোবরের দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড় তৈরি হলেও বাংলাদেশের ওপর এর সরাসরি বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা কম।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে এটি স্থলভাগের দিকে এগিয়ে উত্তরমুখী হলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি হতে পারে।
আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...