বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: উন্নয়নশীল দেশ গড়তে, দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ (২৮ অক্টোবর) বুধবার সন্ধ্যায় জাপানের টোকিওর নিউ ওতানি হোটেলে জাপানপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে দেশের জন্য ভালো কিছু করা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে, যার সুফল প্রবাস ও দেশের সকল বাংলাদেশি ভোগ করবেন। সভায় উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষ জনশক্তি তৈরিসহ জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার অংশ হিসেবে আগামী বছর থেকেই প্রাথমিক স্তর থেকে স্কুলগুলোতে জাপানিসহ ফরাসি, জার্মান ও অন্যান্য বিদেশি ভাষা শিক্ষা চালুর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। এর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ বহুগুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপরও বিশেষ জোর দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য খাতের উন্নয়নকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান যে, আগামী পাঁচ বছরে উপজেলা হাসপাতালগুলোর বর্তমান ৫০টি শয্যা বাড়িয়ে ১৫০টিতে উন্নীত করা হবে। এছাড়া প্রান্তিক পর্যায়ে বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ, নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে ডায়াবেটিস ও ডায়ালাইসিস সুবিধা চালুর পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসচেতনতা তৈরির জন্য এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার ৮০ শতাংশই নারী হবেন। এর ফলে বড় শহর বা বড় হাসপাতালগুলোর ওপর রোগীর অতিরিক্ত চাপ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
জাপানের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী করতে কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, জাপানি ভাষা শিক্ষা ও দেশটির সংস্কৃতি সম্পর্কে ধারণা দিয়ে পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।
জাপানি ভাষায় দক্ষ প্রবাসীদের দেশে শিক্ষক বা অন্য কোনো ভূমিকায় কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করলে সম্ভাব্য উদ্যোগ গ্রহণের পথ সুগম হবে। পরিশেষে, দেশের অর্থনীতি, শিক্ষা ও জনশক্তির দক্ষতা বৃদ্ধির এই যাত্রায় প্রবাসীদের সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসে থাকলেও তারা এ দেশেরই সন্তান এবং দেশের কল্যাণে প্রত্যেকেরই সমান সুযোগ ও দায়িত্ব রয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...