বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে, এতে গুরুতর আহত হয়েছে অর্ধশতাধিক।
আজ (২৮ অক্টোবর) বুধবার সকালে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার পর মাদ্রিদ, সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
দেশটির রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে তোলেদো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় সংস্থাটি জানায়, দুটি ট্রেনের পেছন থেকে সংঘর্ষের পর মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথে চলাচল স্থগিত করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথে দক্ষিণমুখী রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা রেনফের একটি এভিই ট্রেন দাঁড়িয়ে থাকা ইরিওর একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে।
কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের মুখপাত্র এস্তের পাদিয়া জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
তিনি বলেন, রেনফের ট্রেনটিতে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন।
ইতালির মালিকানাধীন রেল কোম্পানি ইরিও এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিরাপত্তাব্যবস্থা সক্রিয় করেছে এবং কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্কে চলতি বছরে দ্বিতীয়বারের মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটায় তিনি ‘মর্মাহত’ হয়েছেন বলে জানিয়েছেন।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
আপনার মন্তব্য প্রদান করুন...